সর্বশেষ সংবাদ :

ইসরায়েলী গণহত্যার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের প্রতিবাদ

ওয়াসিফ আল আবরার:

দখলদার ইসরায়েলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় ক্রমাগত নৃশংস আক্রমণ এবং বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন জেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী।

 

এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, সদস্য সচিব সাইমুম আরাফাত, জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিথা, সিনিয়র সহ সভাপতি তৌফিক এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবু সুফিয়ান সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিল। তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনের গাজায় ও রাফায় ইহুদি ইসরায়েলী বাহিনী কর্তৃক বর্বরোচিত গণহত্যা চলছে তখন আমরা কোনভাবেই নীরবে বসে থাকতে পারিনি। পশ্চিমা বিশ্বের নিরব সমর্থনে ওই দখলদার ইসরাইলের বাহিনী গাজা কে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে। আমাদের মুসলমান ভাই-বোনরা যেখানে আজ জীবন নিয়ে পালাচ্ছে সেখানে আমরা মুসলমানরা এখনো দলাদলিতে বিভক্ত রয়েছি। চুয়াডাঙ্গার মাটি থেকে আমরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই। ওই নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করতে হবে।

 

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল বলেন, মুসলমান অধ্যুষিত আরব দেশগুলোর সক্ষমতা থাকা সত্ত্বেও তারা এখন পর্যন্ত ইসরায়েলের এহেন বর্বরতার বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি। মুসলিম নেতাদের এমন দ্বিচারিতায় মুসলমানরা লজ্জিত। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, ইসরায়েলকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দখলমুক্ত করতে হবে।

 

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা বলেন, দখলদার ইসরায়েলী বাহিনীর হামলায় স্বাধীন ফিলিস্তিনের অবস্থা আজ শোচনীয়। সেখানে চরম মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নিপিড়ীত নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে আছে। ইসরায়লের আগ্রাসনের বিরুদ্ধে আমি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোন মূল্যে ফিলিস্তিনকে ইহুদী ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে হবে।

সানশাইন/ওয়াসিফ /শামি


প্রকাশিত: April 8, 2025 | সময়: 5:18 pm | Daily Sunshine

আরও খবর