চুড়ইল বিলে বসন্তেও শীতের অতিথি পাখির কলরব

গোমস্তাপুর প্রতিনিধি: মাত্র কয়দিন আগেই দেশ থেকে শীত বিদায় নিয়েছে। এসেছে বসন্ত। প্রকৃতিতে এখনো কিছুটা শীতের আমেজ বিরাজমান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর-বাঙ্গাবাড়ী ইউনিয়ন নিয়ে বিস্তৃত চুড়ইল বিলে শীতের অতিথি পাখির কলরব শোনা যাচ্ছে। সম্প্রতি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ বিল ঘুরে অতিথি পাখিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

গোমস্তাপুরের বিলাঞ্চলের অন্যতম এ বিলের আয়তন প্রায় ৩শ একর। বর্ষা মৌসুমে দুই ইউনিয়ন জুড়ে বিস্তৃত থাকে। কিন্তুু গ্রীষ্ম মৌসুমে এর আয়তন কমে ১শ একরে দাঁড়ায়। শীত মৌসুমে এ বিলে প্রচুর অতিথি পাখির সমাগম ঘটে। ভারত সীমান্ত ঘেঁষা এ বিল অনেকটা নির্জন হওয়ায় পাখিরা অনেকটা স্বস্তিতে থাকে।

 

 

এছাড়া, ওই এলাকার পাখিপ্রেমী স্কুল শিক্ষক মাশোয়ারুল হক জিকেন এলাকায় জনসচেতনতা সৃষ্টি করে তিনি পাখির অভয়ারণ্য গড়ে তুলেছেন। এখানে পাখি শিকারীদের উপস্থিতি নেই বললেই চলে।
এছাড়া বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও পাখিদের অবাধ চলাফেরা জনমনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। পাখিপ্রেমী স্কুল শিক্ষক জিকেন জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পুনর্ভবা নদীর দুকূল ছাপিয়ে বিলগুলো যখন জলমগ্ন হয়ে সাগরে পরিনত হয় তখন থেকে এ অঞ্চলে অতিথি পাখিদের সমাগম হতে শুরু করে। শীতকালে এদের উপস্থিতি আরও বেড়ে যায়। দেশীয় পাখির পাশাপাশি দুর্লভ নানা বিদেশি পাখির ব্যাপক আগমন ঘটে থাকে। এলাকার জনসাধারনের সহায়তায় পাখির এ অভয়রোন্য গড়ে তোলা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

 

 

তিনি আরও জানান, শীত মৌসুমে পাখির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পাখিপ্রমীসহ পাখি বিশেষজ্ঞদের এ অঞ্চলে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া প্রতিবছর দেশের প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ ইনামুল হকও শীতের অতিথি পাখির খোঁজে এ বিলাঞ্চল পরিদর্শন করে থাকেন।

 

বর্তমানে এ বিলে যেসব পাখির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে, বিভিন্ন প্রজাতির বক, শামুখোল, হরিয়াল, মদনটাক, পানকৌড়ি, হাঁসপাখি, মাছরাঙ্গা, স্টীলবার্ড সহ নানা দেশি-বিদেশি পাখি।
উপজেলা সদর রহনপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এ বিলে সারাবছর মৎস্য চাষ হয়ে থাকে। আর একারণেই মৎস্যভোগী পাখিদের সমাগম এ বিলে একটু বেশি।

এছাড়া বিলের আশেপাশের জমির আগাছা ও পোকামাকড় খেয়ে পাখিরা জীবনধারন করে থাকে। আসছে ঈদের ছুটিতে এ পাখির রাজ্যে পর্যটকদের ভীড় বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫ | সময়: ৩:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর