, , ।
সাইফুল ইসলাম, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সাগরপাড়া মহল্লার বাসিন্দা শহর বানু (৮৬) ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফায়সাল আহমেদ নিজে তার বাড়িতে গিয়ে ঈদ উপহার দেন। প্রথমে ভয় পেলেও পরে উপহার হাতে পেয়ে খুশিতে শহর বানু বলেন, ‘স্যারের হাতে খাবারের প্যাকেট ও একটি শাড়ি পেয়ে খুব ভালো লেগেছে। আল্লাহ স্যারকে ভালো করুন।’
শুধু শহর বানু নন, গোদাগাড়ীর ৩০০ দরিদ্র পরিবারের মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে এই উপহার। ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। দুদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করছেন ইউএনও নিজেই।
আশিয়া বেগম (৫৩) নামের আরেক সুবিধাভোগী বলেন, ‘স্যার গাড়ি করে আমার জন্য ঈদ সামগ্রী এনেছেন, এটা ভেবে আমি খুবই আনন্দিত। তিনি আমাকে সম্মানিত করেছেন। আল্লাহ তাকে সম্মান দিন।’
ইউএনও ফায়সাল আহমেদ বলেন, ‘নিবিড় সংগ্রহের মাধ্যমে ৩০০টি অতি দরিদ্র পরিবার চিহ্নিত করেছি। এর মধ্যে এমন কিছু পরিবার রয়েছে, যারা আত্মসম্মানবোধের কারণে সাহায্য নিতে আসেন না। তাই আমি নিজেই তাদের বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। প্রকৃত সুবিধাভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দিতে পেরে আমি তৃপ্তি পেয়েছি।’
এলাকাবাসী ইউএনওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। হতদরিদ্র পরিবারগুলোর সদস্যরা জানান, এই উপহারের মাধ্যমে অন্তত ঈদের দিনে ভালোভাবে খেতে পারবেন তারা।