রাজশাহীতে চাকরির দাবিতে অনশন প্ল্যাকার্ড হাতে তরুণীর প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর অলকার মোড়ে চাকরির দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অনশন করছেন ঋতু সুলতানা নামে এক তরুণী। তিনি পঞ্চগড়ের বাসিন্দা হলেও দীর্ঘদিন রাজশাহীতে অবস্থান করছেন।
ঋতু জানান, ২০১৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগ থেকে অনার্স শেষ করেন। পরে এক্সিম ব্যাংকে রাজশাহী আঞ্চলিক কার্যালয় শাখায় ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে যোগ দেন। কিন্তু সেখানে তিনি সহকর্মীদের দ্বারা নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেছেন।
অনশনকারী তরুণীর দাবি, তার সহকর্মীরা তাকে প্রতিনিয়ত কটূক্তি করতেন, ‘কুকুর-শিয়াল’ বলে ডাকতেন এবং তার কম্পিউটার বারবার নষ্ট করে দিতেন। যৌন হয়রানির শিকার হওয়ার পাশাপাশি তিনি অফিসের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হতেন।
ঋতুর অভিযোগ, এক্সিম ব্যাংকের ম্যানেজার ও রিজিওনাল অফিসার মঞ্জুরুল আহসান এসব ঘটনার পরোক্ষ সমর্থন দিতেন। অফিসের অন্যান্য কর্মীরা রান্না করে খেলেও তাকে কোনো সুযোগ দেওয়া হতো না। এই বৈষম্যের কারণে একদিন তিনি প্রতিক্রিয়া দেখালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
চাকরি ফিরে পাওয়ার দাবিতে এবং নিজের প্রতি হওয়া অন্যায়ের কথা জনগণের সামনে তুলে ধরতেই তিনি রাজশাহীর চেম্বার অব কমার্স ভবনের নিচে অলকার মোড়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অনশন করছেন।
ঋতু সুলতানা জানিয়েছেন, তিনি শুধু তার চাকরি ফেরত চান না, পাশাপাশি তার প্রতি যারা বৈষম্য করেছে, যারা তাকে যৌন হয়রানি ও মানসিক নির্যাতন করেছে, তাদের যথাযথ শাস্তিও দাবি করেন। তিনি তার মানবিক মর্যাদা ফেরত চান এবং অফিসের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সুবিচার প্রত্যাশা করেন।


প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫ | সময়: ৪:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর