, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় বসতবাড়িতে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার দুপুর আড়াইটায় র্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম হাবাসপুর গ্রামের গোলাপ মণ্ডলের ছেলে। তার বসতবাড়ির পূর্ব-উত্তর কোণে টিন দিয়ে ঘেরা স্থানে গাঁজার চাষ চলছিল। অভিযানে সেখান থেকে ৩টি গাঁজার গাছ (মোট ওজন ১ কেজি ২৫০ গ্রাম) উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করছিলেন। তিনি গাঁজার পাতা শুকিয়ে স্থানীয় মাদক কারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।