বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে রুবেল হোসেন (২৩) নামে এক যুবককে বই মেলা থেকে তুলে নিয়ে পায়ের রগ কাটার ঘটনায় আশরাফুল ইসলাম মুন্না (২০) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী। এর আগে ২৬ ফেব্রুয়ারি বড়াইগ্রামের রাজাপুর বইমেলা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা রুবেলকে তুলে নিয়ে যায়। ভুক্তভোগী রুবেল উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আকবর আলীর ছেলে।
রুবেলের চাচাতো ভাই সোহেল রানা জানান, গত ২৩ ফেব্রুয়ারি কিশোর গ্যাং নেতা আশরাফুল ইসলাম মুন্নাসহ তার সহযোগি শিহাব ও চ্যাপা সজীব উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া এলাকার মাদক ব্যবসায়ী সাধু মামুনের কাছে মাদক কিনতে যায়। এ সময় রুবেল সহ এলাকার লোকজন তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনার জের ধরে ২৬ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে রাজাপুরে একুশে বইমেলা থেকে কিশোর গ্যাং সদস্যরা রুবেলকে তুলে নিয়ে যায়। পরে তারা মুলাডুলি এলাকায় নির্জন স্থানে নিয়ে মারধর করার পাশাপাশি ছুরি দিয়ে রুবেলের ডান চোখের নীচে আঘাত করে এবং ডান পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ঘটনার সত্যতা রয়েছে। তার চোখের নিচে আঘাত করা হয়েছে। চোখটি হয়ত নষ্ট হয়ে যেতে পারে। এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী বলেন, নির্যাতনের শিকার রুবেলের চাচা হাসান আলী মন্ডল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।