বাগমারায় অপহরণের নয় দিন পর স্কুলছাত্রী উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগমারা: অপহরণের নয় দিন পর অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বখাটে সৈকত হোসেন (২২) ওরফে শান্তকে আটক করা হয়। গত রোববার ভোরে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার সহ বখাটেকে আটক করে। পরে তাদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়। গত ২০ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।
গত রোববার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো র‌্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক বখাটের বাড়ি বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আগামীকাল কাল তাকে আদালতে তোলা হবে।
স্থানীয় লোকজন ও র‌্যাব সূত্রে জানা যায়, উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১২) উপজেলার নারায়ণপাড়া গ্রামের বখাটে সৈকত হোসেন উত্ত্যক্ত করে আসছিলেন। তাকে প্রেমের প্রস্তাব দেওয়া ছাড়াও আপত্তিকর কথাবার্তা এবং প্রলোভন দেখানো হয়। বিদ্যালয়ে যাতায়াতের পথে ছাত্রীকে ভয়ভীতি প্রদর্শন ছাড়াও যৌন হয়রানির করা হয়।
গত ২০ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে সৈকত হোসেন একটি সিএনজি নিয়ে সহযোগীদের নিয়ে রাস্তার পাশে অবস্থান নেন। ছাত্রী কাছাকাছি আসলে তাকে ভয়ভীতি দেখিয়ে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। ছাত্রীর পরিবারের পক্ষে খোঁজাখুঁজি শুরু এবং উদ্ধারের চেষ্টা চালানো হয়। এতে ব্যর্থ হয়ে গত ২৫ ফেব্রুয়ারি থানায় মামলা করা হয়।
মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাবও উদ্ধারের চেষ্টা চালায়। গত রোববার ভোরে অভিযান চালিয়ে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিশুহারা এলাকা থেকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মূলহোতাকে আটক করা হয়।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সৈকত হোসেনকে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কাল আদালতে তোলা হবে।


প্রকাশিত: মার্চ ৪, ২০২৫ | সময়: ৭:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর