সর্বশেষ সংবাদ :

ধৈর্য, সংযম ও তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ’:নুরুজ্জামান লিটন 

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বিগত সরকার গুলোর দীর্ঘদিনের শাসন, শোষণ ও নির্যাতনের পরেও জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত পথভ্রষ্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। জামায়াতে ইসলামী তাদের ধৈর্য, সংযম আর তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। যুবকদেরকে রাসূল (সা:) এর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে প্রকৃত মানুষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

বুধবার সকালে রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে অনাড়ম্বরপূর্ণ এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি। এ সময় হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় ও দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
শিক্ষকদের উদ্দেশ্য নুরুজ্জামান লিটন আরও বলেন, শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, সেজন্য তাদেরকে কুরআন-হাদিসের আলোকে শিক্ষা দিয়ে রাসূলের আর্দশে গড়ে তুলতে হবে। তরুণ তরুণীদেরকে রাসূলের আদর্শে দক্ষ করে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মে যোগ্য নেতৃত্ব ও কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, দেলুয়াবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন সভাপতি এজাজুল হক, জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আলাউদ্দিন, প্রবীণ জামায়াত নেতা মশির উদ্দিন প্রমুখ।
সানশাইন/রবি/শামি

প্রকাশিত: February 19, 2025 | সময়: 6:42 pm | Daily Sunshine