বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর রাণীনগরে হাতের কাছে থাকা সহজলভ্য পুষ্টিগুন সম্পন্ন খাবারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক ব্যতিক্রমী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় চত্বর থেকে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
মেলায় প্রায় ১২শত শিশুকে বিনামূল্যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। ইফাদ এবং পিকেএসএফ এর অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় এই পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সচেতনতা মূলক ১০টি স্টলের মাধ্যমে শিশু, অভিভাবক ও মেলায় আগত দর্শনার্থীদের হাতের নাগালে থাকা বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবারের সঙ্গে নতুন করে পরিচয় করে দেয়া হয়।
স্টল পরিদর্শন শেষে অতিথিরা এই ধরনের অভূতপূর্ব কার্যক্রম দেখে মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে ভিটামিন, মিনারেল এবং পুষ্টি সম্পর্কে জনসচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া মেলায় আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষধ প্রদান করা হয়। মেলার প্রধান আকর্ষণ ছিলো রাজশাহী থেকে আগত গম্ভীরা শিল্পীদের পুষ্টি ও সচেতনতা মূলক গম্ভীরা ও নাটকের পরিবেশনা। এমন পুষ্টি মেলার মাধ্যমে হাতের কাছে সহজেই পাওয়া যায় এমন বিভিন্ন পুষ্টিকর সবজি ও খাবারের প্রতি মানুষদের এক ধরনের অবহেলা ছিলো।
বিশেষ করে শিশুদের সুস্থ্য ও মেধাবী হিসেবে গড়ে তুলতে এই ধরণের সহজলভ্য পুষ্টিকর খাবার বেশি বেশি গ্রহণের যে কোন বিকল্প নেই বিষয়টি নতুন করে দর্শনার্থীদের শিখিয়ে দেয়া হয়েছে বলে মেলায় আগত দর্শনার্থীরা জানান। প্রতিবছরই এমন জনগুরুত্বপূর্ণ মেলার আয়োজন অব্যাহত রাখতে আয়োজকদের সুদৃষ্টি কামনা করেছেন দর্শনার্থীরা।