সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে মাছ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাছ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকাল তিনটায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে তিনি বড়াইগ্রাম আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবুল কালাম আজাদ উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের দিঘইর গ্রামের বাসিন্দা।
সোমবার সন্ধ্যায় মামলার বাদী পক্ষের আইনজীবি মখলেছুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২১ সালে জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামের বিএনপি কর্মী আব্দুর রহিম প্রতিবেশী আব্দুল আউয়ালের একটি পুকুর লিজ নেন। প্রতি বছর এক লাখ ৪০ হাজার টাকা লিজ হিসাবে দিয়ে সাড়ে পাঁচ বিঘা জলকরের ওই পুকুরে তিনি মাছ চাষ করেন। কিন্তু ২০২২ সালের ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপস্থিতিতে তার অনুসারী আওয়ামীলীগ নেতাকর্মীরা জোরপূর্বক পুকুরের সব মাছ মেরে নেন।
গত ৫ আগষ্ট জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষতিগ্রস্থ আব্দুর রহিম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামী করে মোট ৯ জনের নামে মামলা দায়ের করেন। পরে তদন্তে দুজনকে বাদ দিয়ে মোট ৭ জনের নামে চার্জশীট দেয় পিবিআই। সোমবার সে মামলায় জামিন নিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।


প্রকাশিত: January 8, 2025 | সময়: 7:02 am | সুমন শেখ

আরও খবর