শিবগঞ্জে কাটা ধান তুলতে গিয়ে ফের ৩ রাসেল ভাইপারের সন্ধান

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে আবারো একই স্থানে ৩টি রাসেল ভাইপার সাপের সন্ধান পাওয়া গেছে। পরে সে সাপগুলো পিটিয়ে হত্যার পর সেখানেই পুঁতে ফেলে কৃষক। জমিতে আরও সাপ থাকার আতঙ্কে ধান কাটা বন্ধ করে দিয়েছে তারা।
ঘটনাটি উপজেলার পাঁকা ইউনিয়ের গমের চর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে বুধবার সকালের দিকের।
কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিনদিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আটিঁ বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। বুধবার সকালে তার শ্রমিকরা কেটে রাখা ধানের আটিগুলো আনতে গিয়ে দেখতে পায় ৩ টি রাসেল ভাইপার সাপ। পরে শ্রমিকরা একত্রিত হয়ে সবগুলো সাপ মেরে ফেলে এবং ওখানেই মাটিতে পুঁতে ফেলে। এ নিয়ে ২ দিনে ১২ টি সাপের সন্ধানের পর কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তিনি আরও জানান, তার জমির এখনো ১২ কাঠা ধান কাটা বন্ধ রয়েছে। এছাড়াও আতঙ্কে পাশের আরও কয়েকটি জমির ধান কাটাও বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
শ্রমিক সৈবুর রহমান জানান, ধানের জমিতে মঙ্গলবার ৯ টি সাপ পাবার পর আবারো পরদিন সকালে ৩টি সাপ পাওয়া গেছে। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ধান কাটা অনিশ্চিত হয়ে পড়েছে আমাদের।
অপর প্রত্যক্ষদর্শী শ্রমিক ইসমাইল জানান, পরপর দুইদিন ধানের জমিতে সাপ দেখতে পাবার পর শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের ধানের জমি থেকে শ্রমিকরা এসে তল্লাশি চালাচ্ছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পদ্মা নদীর পাশে জমিগুলো হওয়ায় নদীপথে সাপ এসে এসব ধানের জমিতে বাসা বেধেছে। এতে করে জমির ধান কাটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়া জরুরী।
এ ব্যাপারে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, গমেরচর এলাকাটি পদ্মা নদীর ধারে হওয়ায় সাপের উপদ্রব বেড়েছে। ঘটনাস্থলটি দুর্গমচর অঞ্চলে হওয়ায় মঙ্গলবার ও বুধবার মিলিয়ে ১২টি সাপ উদ্ধারের পর আতঙ্কিত শ্রমিকরা পিটিয়ে হত্যা করেছে। তারা সাপগুলো মাটিতে পুঁতে ফেলায় সাপগুলো কোন প্রজাতির তা জানা সম্ভব হয়নি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান গতকাল এবং আজকের সাপ উদ্ধারের ঘটনাটি তার জানা ছিল না বলে জানান।
তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে আসলেই সাপগুলো কোন প্রজাতির তা চিহ্নিত করার পর ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের ধান কাটতেও সহায়তা দেয়া হবে। তিনি উপজেলা কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি খোঁজ নেয়ার জন্য তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন বলেও জানান।
গত মঙ্গলবার ও বুধবার গমেরচরের ইব্রাহিমের জমিতে ১২ টি সাপ আতঙ্কিত শ্রমিকরা মেরে মাটিতে পুঁতে ফেলে। আরও সাপ আশেপাশের ধানের জমিতে থাকতে পারে এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ | সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ