তেল-গ্যাস-বিদ্যুতের দাম আর বাড়বে না -নির্বাহী আদেশে

সানশাইন ডেস্ক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণ-শুনানি ছাড়াই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর নির্বাহী ক্ষমতা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

 

 

গত মঙ্গলবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা গেজেটে বলা হয়েছে, এই সংশোধনীর মাধ্যমে বিইআরসি আইন ২০০৩ এর ৩৪ক ধারা বিলুপ্ত হবে।

 

 

এর আগে গত ২২ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ খসড়া অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ সংশোধন করে অধ্যাদেশে নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ৩৪(ক) ধারা বিলুপ্ত করা হয়েছে।

 

 

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, গণ-শুনানি ছাড়াই নির্বাহী ক্ষমতার মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারকে দিয়ে বিগত আ.লীগ সরকার ৩৪ (ক) ধারা প্রবর্তন করেন।

 

 

গণ-শুনানি ছাড়া সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে না বলে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি যে বক্তব্য দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে নতুন এই সংশোধনী আনা হয়েছে।

 

 

সর্বশেষ এই সংশোধনীর পর সরকারের কোনো প্রতিষ্ঠান বিদ্যুৎ বা গ্যাসের দাম বাড়াতে চাইলে তাকে বিইআরসিতে প্রস্তাব দাখিল করতে হবে এবং এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিইআরসি গণ-শুনানি করে ৯০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।


প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪ | সময়: ৩:৫০ অপরাহ্ণ | Daily Sunshine