বাঘায় আক্কাছ-মেরাজের ফাঁসি চেয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘা পৌর মেয়র আক্কাছ আলী এবং ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম(মেরাজ)সহ বাবুল হত্যা মামলার সাথে সম্পৃক্তদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবকলীগ। রবিবার (৭ জুলাই) বিকেলে দলীয় কার্যালয় থেকে উপজেলার প্রধান-প্রধান সড়কে বিক্ষোভ শেষে তারা সমাবেশে মিলিত হন।

 

 

বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘা উপজেলা শাখার সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক ফকরুল হাসান বিপ্লবের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে মিলিত হয়। এই মিছিলের সামনে একটি ব্যানারের পাশা-পাশি অসংখ্য বিলবোর্ড লক্ষ করা যায়। সেই বিলবোর্ডে নিহত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের রক্তাক্ত ছবি এবং তার নিচে এ হত্যা মামলার প্রধান ও দ্বিতীয় আসামী যথাক্রমে- বাঘা পৌর মেয়র ও আ’লীগ নেতা আক্কাছ আলী এবং ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম(মেরাজ) এর ক্রসচিহৃ বিশিষ্ট ছবি দেখা যায়। এ মিছিলের স্লোগান ছিল ফাঁসি-ফাসি ফাঁসি চাই, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই।

 

এদিকে বিক্ষোভ শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশে মিলিত হন। সমাবেশে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বক্তব্য রাখেন নিহত বাবুলের ছেলে আশিক জাবেদ সহ ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- সাধারণ সম্পাদক এবং নিহত আশরাফুল ইসলাম বাবুলের বোন জামাতা সাবেক বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা ও বাজুবাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ সহ আরো অনেকে। সমাবেশ বক্তারা বাবুল হত্যা মামলার প্রধান ও দ্বিতীয় আসামীর ফাঁসি সহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ট ও ন্যায় বিচারের দাবি জানান।

উল্লেখ্য গত ২২ জুন সকালে বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর অনিয়ম , দুর্ণীতি ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করছিল উপজেলা আওয়ামী। এ সময় মানববন্ধনে হামলা চালান পৌর মেয়র আক্কাস আলী ও তার অনুসারীরা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুত্বর আহত হন। তাৎক্ষনিক তাকে রামেক হাসপাতালে আইসিউতে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন রাতে মারা যান তিনি। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়।

সানশাইন / শামি


প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ | সময়: ৮:২১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর