জয়পুরহাটে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় আমদই ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাহিদ হােসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতরাতে সদর উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাহিদ হোসেন সদর উপজেলার আমদই ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাদোয়া ঢোলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কােম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, গত ১৬ নভেম্বর ভোরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গতনশহর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকে ভাঙচুরসহ পেট্রােল বােমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বত্তরা।
তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লােকজন পাশের খাদ থেকে পানি নিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলার এজাহারনামীয় আসামী নাহিদ হোসেন আত্মগোপনে থাকা অবস্থায় চৌমুহনী বাজার থেকে গ্রেফতার করে র‌্যাব।


প্রকাশিত: November 25, 2023 | সময়: 6:19 am | সুমন শেখ