, , ।
সানশাইন ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অংশ নিতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েও আলাদা চিঠি দিয়েছে মাউশি। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।