ষষ্ঠবার রাজশাহী জেলা জামায়াতের আমির হলেন অধ্যাপক আব্দুল খালেক

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল খালেক আবারও ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের ২ বছরের জন্য তিনি আমির নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে তিনি সফলভাবে রাজশাহী জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছেন।
বুধবার ৪ নভেম্বর রাতে জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম রয়েছে।
ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২৪ অক্টোবর রাজশাহী মহিলা কমপ্লেক্সে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে রাজশাহী জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে জেলার প্রায় ১ হাজার ৫৫০ জন পুরুষ ও নারী রুকন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ভোট গ্রহণের শেষে ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা না করে কেন্দ্র থেকে পরে ঘোষণার কথা জানানো হয়েছিল।


প্রকাশিত: November 6, 2026 | সময়: 5:17 am | সুমন শেখ