, , ।
স্পোর্টস ডেস্ক: ২০২৫ এএফসি নারী এশিয়ান কাপকে লক্ষ্য করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রস্তুতি আবারও চট্টগ্রামে শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কোচ পিটার বাটলারের নেতৃত্বে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ মোট ৪০ জনের দল চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে পৌঁছায়। সেখানে কয়েক সপ্তাহের নিবিড় অনুশীলনের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি না দিলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, এ ক্যাম্পটি ‘বিশেষ প্রস্তুতি পরিকল্পনার’ অংশ। এর আগে থাইল্যান্ড সফরের আগেও একই স্থানে মেয়েদের নিয়ে ক্যাম্প করেছিলেন কোচ বাটলার। তখন নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, চট্টগ্রামের ক্যাম্পে থাকা, ট্রেনিং ও পুষ্টি সব মিলিয়ে পরিবেশ ‘এক্সক্লুসিভ’।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নারী দলকে ঘিরে ‘মিশন অস্ট্রেলিয়া’ নামে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা দিয়েছেন, যেখানে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ, উন্নত সুবিধা এবং মাঠের বাইরে পেশাদার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমান ক্যাম্প সেই পরিকল্পনারই ধারাবাহিকতা। গত সেপ্টেম্বরেও প্রায় তিন সপ্তাহ চট্টগ্রামে ক্যাম্প করেছিল দল। এরপর ঢাকায় ফেরার পর লিগ শেষ করে আরও নয়জন ফুটবলার স্কোয়াডে যোগ দেন, যার মধ্যে ছিলেন ঋতুপর্ণা চাকামা, মারিয়া মান্দা ও তহুরা খাতুন।
অক্টোবরে থাইল্যান্ডে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল বাটলারের দল, যেখানে বাংলাদেশ ০-৩ ও ১-৫ গোলে হারে। এবার ঘরের মাঠে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছে মেয়েরা। এ মাসেই ঢাকায় অনুষ্ঠিত হবে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে বাংলাদেশ, আজারবাইজান ও মালয়েশিয়া।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এএফসি নারী এশিয়ান কাপের মূল আসর। তার আগে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতেই বাফুফের এই উদ্যোগ। দেশের বাইরে শক্তিশালী দলের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ এবং দেশের ভেতরে নিবিড় অনুশীলন, দুই দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।