সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় নগরবাসীকে ধন্যবাদ রিটনের

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ধর্মসভা মন্দির পরিদর্শন, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ এবং জনসভা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, দায়িত্বশীলতা, সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার পাশাপাশি রাজশাহীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সফর সফল হয়েছে। মাহফুজুর রহমান রিটন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সনাতন ধর্মাবলম্বী, গণমাধ্যমকর্মী এবং নগরীর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীকে দৃষ্টিনন্দনভাবে সাজানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়ক ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ উন্নয়নে দিনরাত কাজ করায় রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও বিশেষ ধন্যবাদ জানান তিনি। এক বার্তায় রাসিক প্রশাসক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ছাড়া জনসভাস্থলে দায়িত্ব পালনকারী শব্দব্যবস্থা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা দল, বিদ্যুৎকর্মী, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মাহফুজুর রহমান রিটন বলেন, সবাই মিলে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। ভবিষ্যতেও নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: October 22, 2026 | সময়: 4:27 am | সুমন শেখ