, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীন বরণ-২০২৬’ আনন্দঘন আয়োজনে কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী-এর চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ড. ব্রজেন্দ্র নাথ সরকার, উপস্থিত ছিলেন একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক জনাব মোঃ ইউসুফ আলী, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী এবং বিএনসিসি, রোভার, রেডক্রিসেন্ট, রেঞ্জারের ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
তারপর অতিথিদের আসন গ্রহণ, পবিত্র গ্রন্থ হতে পাঠ এবং হাতে ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়। প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা নবীন শিক্ষার্থীদের শরৎ-এর শিউলি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেনসহ অন্যান্য গুণী প্রাক্তন শিক্ষার্থীদের অনুসরণ করার জন্য নবীন শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি মাননীয় শিক্ষা বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনসহ মোবাইল ও অন্যান্য ডিভাইস হতে দূরে থাকার, মনোবল বৃদ্ধি করার, আত্মনির্ভরশীল হয়ে উঠার এবং নিয়মিত ক্লাস করা ও পাঠ্যবই অধ্যায়ন করার পরামর্শ দেন। তিনি বলেন, “আমরা নারী, আমরা সবকিছু পারি”।
সভাপতি প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ অনুপ্রেরণামূলক বক্তব্য ও যথাযথ দিক নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্জনের জন্য এই কলেজকে বেছে নেওয়ার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘স্বপ্নপূরণে কোন শর্টকাট ওয়ে নাই, নিরন্তর অধ্যয়ন করতে হবে। শুধু বিদ্যার্জন নয় শিক্ষিত হতে হবে এবং সময় উন্নয়নে ব্যবহার করতে হবে। সকলের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে গাছ লাগানোর উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কেউ কারও প্রতিযোগী নয়, প্রত্যেকে প্রত্যেকের সহযোগী।’ সকল বিভাগের শিক্ষকগণের পরিচিতি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একাডেমিক ক্যালেন্ডার ও কোর্স প্ল্যান বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ফিরোজ আহমেদ ও বাংলা বিভাগের প্রভাষক জনাব নাহিদা ইসলাম শিমু।