এবার নতুন কুঁড়িতে নিবন্ধন করেছে ১৬ লাখ খেলোয়াড় ‎

স্পোর্টস ডেস্ক: প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
নতুন কুঁড়ি স্পোর্টসে কত খেলোয়াড় নিবন্ধন করেছে, আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেই তথ্য দিয়েছেন আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের এরই মধ্যে অনলাইনে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন করেছে। সেখানে ৯ লাখের বেশি কিশোর। কিশোরী ৬ লাখের বেশি। শতকরা হিসেব করে দেখেছি ৫০ শতাংশ আমাদের কিশোর। আর অংশগ্রহণ করছে ৪২ শতাংশ মেয়ে। বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, তা দেখে আরও অনেকে উৎসাহিত হবেন। তাদের ঘরের মেয়েরাও যে পারে, তাদেরও হাত ধরে যে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেসব পরিবার দেখতে পায়।’
নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য দেশের ৪৫৯৯ ইউনিয়ন থেকে দল গঠন করতে ১৪ লাখ ক্রীড়াবিদ প্রয়োজন বলে হিসাব-নিকাশ করে দেখেছেন আমিনুল। ফুটবল, ক্রিকেটসহ ১০ ইভেন্টে প্রয়োজন ১৪ লাখ খেলোয়াড়। ক্রীড়াবিদ বাছাই করতে এরই মধ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
৫ নভেম্বর উদ্বোধন করা হবে নতুন কুঁড়ি সিজন-২। ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আমিনুল। গতবার আট ইভেন্টে নিবন্ধন করেছিল ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ। এবার ১০ ইভেন্ট হচ্ছে বলে উল্লেখ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘প্রথমবার যে ৩০৬ ক্রীড়াবিদ পেয়েছি, তাদের নিয়ে আমাদের এরই মধ্যে বিকেএসপিতে ৪০ দিনের একটি প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। যেসব ক্রীড়াবিদকে ফাইনাল রাউন্ডে পুরস্কৃত করেছিলাম, তাদের ৪০ দিনের অনুশীলন সেশনের মধ্য থেকে আমরা বা আমাদের যারা বিকেএসপির কোচ, প্রতিপক্ষ যাঁরা রয়েছেন, তাঁদের মাধ্যমে ১০ ইভেন্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’


প্রকাশিত: October 15, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ