, , ।
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচে একাদশ সাজানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিতব্য বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে এটিই হবে দলটির তৃতীয় ও শেষ প্রীতি ম্যাচ। এই ম্যাচই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।
মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে স্কালোনি এমন একটি একাদশ মাঠে নামাতে পারেন, যেখানে ২০১৮ সাল থেকে মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে থাকা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবেন। বিশ্বকাপজয়ী ও বিশ্বকাপের রানার্সআপ দলের কয়েকজন সদস্যও থাকছেন সেই সম্ভাব্য একাদশে।
মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের শেষ অনুশীলন এখনো বাকি থাকলেও এখনও পর্যন্ত পাওয়া ইঙ্গিত অনুযায়ী, গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। সেন্টারব্যাকে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তালিয়াফিকোর খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রথম দুটি প্রীতি ম্যাচে চোটের কারণে তিনি খেলতে পারেননি। তিনি চোট কাটিয়ে উঠতে পারলে এই পজিশনে ফিরতে পারেন। তা না হলে বুরকিনা ফাসোর বিপক্ষে যে ফাকুন্দো মেদিনা এই দায়িত্ব পালন করেছিলেন, তিনিই আবার খেলতে পারেন।
রাইট-ব্যাকে খেলার সম্ভাবনা রয়েছে অগাস্তিন গিয়াইয়ের। এই পজিশনে নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞার কারণে নেই। অন্যদিকে গনসালো মন্তিয়েলও দলে ডাক পাননি।
মাঝমাঠে মেসির সঙ্গে শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে ফিরছেন রদ্রিগো ডি পল। আগের ম্যাচগুলোতে তাকে দলে রাখা হয়নি। তবে বেনিনের বিপক্ষে তিনি আবারও একাদশে ফিরছেন। ডি পলের সঙ্গে মাঝমাঠে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে অধিনায়ক মেসির সঙ্গে থাকার সম্ভাবনা লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের। ফলে মেসির শেষ ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগে দেখা যেতে পারে তার সঙ্গে জাতীয় দলের বর্তমান সময়ের দুই গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডকে।
বেনিনের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য একাদশে স্কালোনি মূলত সেইসব খেলোয়াড়কে রাখতে চাইছেন, যারা দীর্ঘ সময় ধরে মেসির সঙ্গে আর্জেন্টিনা দলের হয়ে খেলেছেন। ২০১৮ সাল থেকে বিশ্বকাপ বাছাইপর্বের দুই অভিযানে মেসির সঙ্গে থাকা খেলোয়াড়দের বড় একটি অংশকে এই ম্যাচে দেখা যেতে পারে। এর ফলে মেসির বিদায়ী ম্যাচটি তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হওয়ার পাশাপাশি তার সঙ্গে দীর্ঘদিন খেলা সতীর্থদের সঙ্গেও শেষবারের মতো মাঠে থাকার মুহূর্ত হয়ে উঠবে।
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); অগাস্তিন গিয়াই, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। সোমবারের অনুশীলন শেষ হওয়ার পর একাদশে চূড়ান্ত পরিবর্তন আসতে পারে। তবে এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে মেসির শেষ ম্যাচে এটাই আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ।