, , ।
স্টাফ রিপোর্টার: সোমবার (০৫ অক্টোবর) সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে সভাপতি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান।
০৫ থেকে ১০ অক্টোবর আন্তর্জাতিক এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ দশটি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। বিদেশি প্রতিযোগীদের মধ্যে আছে ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক, রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহবায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন একটি মর্যাদাপূর্ণ বিষয়। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সাহস তৈরি করে। আন্তর্জাতিক পর্যায়ের এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে মহানগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। টুর্নামেন্টে অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যে-কোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন ইশতিয়াক আহমেদ কারেন বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এবারের আসরেও বিদেশি খেলোয়াড় ও তাঁদের অভিভাবকদের স্বাগত জানান তিনি। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি খেলার এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
আয়োজকরা জানান, বালকদের মধ্যে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১ হাজার ৫৯। অন্যদিকে বালিকাদের মধ্যে শীর্ষ র্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং দুই হাজার ৪৫। টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় কোয়ালিফাইং রাউন্ড এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন। রাজশাহীর মোট ৫ জন এই টুর্নামেন্টে খেলবেন। এর মধ্যে মেইন ড্রতে খেলবেন রাকিন রহমান ও বকুল আলী। এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী।