, , ।
স্টাফ রিপোর্টার পুঠিয়া: বদলি ও পদোন্নতির কারণে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশকে বিদায় এবং নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহাকে বরণ করে নিল পুঠিয়া অফিসার্স ক্লাব।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রায় দুই বছর পুঠিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবু দাশ। কর্মজীবনে পদোন্নতি পেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নতুন দায়িত্বে যোগ দিতে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রসনজিৎ সাহা।
বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত শিবু দাশ বলেন, ‘‘পুঠিয়ায় কাটানো প্রতিটি মুহূর্ত, এখানকার মানুষের আন্তরিকতা, সহকর্মীদের সহযোগিতা এবং অসংখ্য সুন্দর স্মৃতি সব সময় মনে থাকবে। কর্মজীবনের এই অধ্যায় আমাকে অনেক কিছু শিখিয়েছে, দিয়েছে ভালোবাসা এবং আপন মানুষের সান্নিধ্য।’’
তিনি আরও বলেন, ‘‘এই জনপদে চলার পথে অর্জিত সকল সফলতা পুঠিয়ার মানুষের, আর ব্যর্থতার সকল দায়ভার আমার। এখানকার মানুষ এবং এই সুন্দর জনপদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’’ অন্য দিকে, নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা বলেন, পুঠিয়ার মানুষের সেবা করার জন্য তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ‘‘শিবু দাশ তাঁর কর্ম ও কাজের মাধ্যমে পুঠিয়া উপজেলার মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। তাঁর আগামী কর্মজীবনের জন্য শুভকামনা রইল। আশা করি, তিনি আরও ভালো কিছু করবেন।’’ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অফিসার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা ও নতুন কর্মকর্তাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।