সর্বশেষ সংবাদ :

বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল ও সাত রাউন্ড গুলি, নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মোছা: রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বামী মো: রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলার আলাইপুর (নাপিতপাড়া)গ্রামে রোজিনা খাতুনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের ভাষ্য, বাড়িটির শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: মোমিনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এস.আই. মো : স্বপন হোসেন, এস.আই. মো: মেহেদী হাসান, এ.এস.ই মো: নাজমুল সাকিব ও এ.এস.আই মো: শাহাদাৎ হোসেন অংশ নেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার রোজিনা খাতুন জিজ্ঞাসাবাদে তাঁর স্বামী রুবেল হোসেনের পরিচয় ও ঠিকানা জানিয়েছেন। রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে প্রায় ছয় মাস ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে পুলিশ জানিয়েছেন। তবে এখন তিনি বিএনপির সাথে গা ভাসিয়ে চলছেন।এলাকার লোকজন তাকে বিএনপি কর্মী বলেই পরিচয় দিচ্ছে।

ডিবির দাবি, বিগত সরকার আমলে রুবেল এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন।
পুলিশের ধারণা, উদ্ধার করা অস্ত্রগুলো রুবেল হোসেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সংরক্ষণ করে থাকতে পারেন। তবে অস্ত্রগুলোর মালিকানা ও ব্যবহারের বিষয়ে তদন্ত চলছে।

ডিবি পুলিশ আরো জানিয়েছে, রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আটক রুবেলের স্ত্রীকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সানশাইন /শামি


প্রকাশিত: September 13, 2026 | সময়: 4:23 pm | Daily Sunshine