সর্বশেষ সংবাদ :

যুব উন্নয়ন দিবসে রাসিক প্রশাসক : বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই

স্টাফ রিপোর্টার: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাজশাহী শিশু একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপিসিও এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করবে। তিনি আরো “যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবকদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাসিক প্রশাসক বলেন, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। বিশেষ করে বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি সব সময় আপনাদের পাশে আছি। আসুন, আমরা সবাই মিলে রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থকর, নিরাপদ ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তুলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য ও এটিএন বাংলার রাজশাহীর রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু।
অনুষ্ঠানের শুরুতে সিএন্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা আসন গ্রহণ করেন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও উত্তরীয় প্রদান করে বরণ করা হয়। পরে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশিত হয়। এছাড়া যুবসমাজের মতামত ও অভিজ্ঞতা বিনিময়, স্থানীয় যুব উন্নয়ন, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবা: যুব দিবসে পবা উপজেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. মোহাম্মাদ শফিকুল হক মিলন। উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা।
বড়াইগ্রাম: উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা বক্তব্য রাখেন।
নওগাঁ: নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে যুব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় নওগাঁ যুব অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিকী নান্নু, পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুল হক, রাণীর প্রধান নির্বাহী ফজলুল হক খান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ১ কোটি ২৬ লাখ টাকার যুবঋনের চেক বিতরণ করা হয়। এছাড়াও মাছের পোনা অবমুক্ত এবং ফলজ গাছের চারা রোপন করা হয়।
জয়পুরহাট: জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে- জেলা যুব ভবনের হলরুমে আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোকছুদুল কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান,জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা ও জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন ।
এ অনুষ্ঠানে ৪জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তার মধ্যে সাড়ে ৪লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
পাঁচবিবি: উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও উপজেলা জামায়াত সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার।
গোমস্তাপুর: উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক মেয়র তারিক আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুলসহঅন্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) চৌধুরী আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও মনিরুজ্জামান সোহরাব,অন্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।পরে ২ জন প্রশিক্ষিত যুবককে ১লক্ষ ৬০ হাজার টাকা সুদমুক্ত ঋনের চেক প্রদান করা হয়।
বাগমারা: উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বাগমারার আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব মেলায় পোশাক তৈরির প্রশিক্ষণসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ ছাড়া মেলা চত্বরে আয়োজিত স্টলে বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাওসার আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলী ও তথ্য আপা আঁখি খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
আত্রাই: উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল ১৪ জন যুব উদ্যোক্তার মাঝে ১ লক্ষ টাকা করে সর্বমোট ১৪ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আল হাসান হাবিবুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকেই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করতে হবে। যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতিতে অবদান রাখার তাগিদ দেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও ঋণ বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ২ মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


প্রকাশিত: November 2, 2026 | সময়: 7:20 am | সুমন শেখ