, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি ঘোষণা করেন, অল্প দিনের মধ্যেই দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে জয়পুরহাটের বহুল আলোচিত ‘জামালগঞ্জ রেলস্টেশন’।
শনিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের জেটিসি মোড়ে জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় চালু এবং রেল স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেন, ‘ইতিমধ্যেই মিনিস্ট্রিতে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে, স্টেশনটির রেলের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং রেল স্টেশনটির প্ল্যাটফর্ম নিচু সেটি উঁচু করার চেষ্টা করবে। পাশাপাশি জামালগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি সম্ভব না হলেও রাজশাহী বা খুলনাগামী যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলোর যাত্রা বিরতির জন্য চেষ্টা করা হবে। তাছাড়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলো যদি সব স্টেশনেই থামে, তাহলে আর সেই ট্রেনগুলো আন্তঃনগর ট্রেন থাকে না।’
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা- জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটোর সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা প্রমুখ।
স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ রেল স্টেশনটি বন্ধ থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রেলস্টেশনটি পুনরায় চালু হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা।