, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্কুলের পিকনিক বাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকনিক বাসে থাকা অন্তত ৩০ জন শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা শাহিন স্কুল সিরাজগঞ্জ শাখার শিক্ষার্থী ও অভিভাবক।
এরমধ্যে রেজাউল করিম (৩৯), জয়নাল আবেদীন (২৬), সিনহা ইসলাম (৭), সোনালী খাতুন (২৫), বর্ষা খাতুন (২০), তাসলিম আহম্মেদ (৩৩), হজরত আলী (৫০), দিঘি খাতুন (১২) রাব্বি হাসান (২৪), আশরাফুল ইসলাম (৪২), বিউটি বেগম (২৬), হাওয়া বেগম (৩০), মনিরুল ইসলাম (৩৩), হাবিবা খাতুন (১২) রেজাউল করিম (৪৫), কাব্য হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমানের (৪৬) নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন স্কুলের সিরাজগঞ্জ শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা ২০টি বাসে রাজশাহী সাফিনা পার্কে বনভোজনের উদ্দেশে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরট হাট এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী আল তৌফিক পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকনিক বাসের শিক্ষার্থী ও অভিভাবক সহ ৩০ জন আহত হন।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস সদস্য, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসের বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।