, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে পড়ে রায়য়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের মহদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়য়ান মহদীপুর গ্রামের রতন হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মায়ের অগোচরে বাড়ির পাশে খেলছিল রায়য়ান। একপর্যায়ে খেলতে খেলতে বাড়ির পাশের আখতারুজ্জামান রঞ্জু মাস্টারের পুকুরপাড়ে যায় সে। সেখানে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।
পরে শিশুটির ফুফু ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে রায়য়ানকে ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি বদলগাছী থানায় অবহিত করেন। খবর পেয়ে বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলামের নির্দেশনায় এসআই জিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।