সর্বশেষ সংবাদ :

পবার হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন চান এমপি মিলন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী হরিয়ান সুগার মিলের সঠিক রক্ষণাবেক্ষণ, আধুনিকায়ন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। একই সঙ্গে মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ী করা এবং অবসরপ্রাপ্ত শ্রমিকদের আর্থিক ও চিকিৎসাসংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে রাজশাহী সুগার মিলস লিমিটেডের রাচিক প্রশিক্ষণ কমপ্লেক্সে আখচাষি সমাবেশ ও ২০২৬-২৭ রোপণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন দেশের সব চিনিকলে একযোগে জুম পদ্ধতিতে আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়। এমপি শফিকুল হক মিলন বলেন, হরিয়ান সুগার মিল সরকারের এমন একটি প্রতিষ্ঠান, সঠিকভাবে পরিচালনা করতে পারলে যেখান থেকে উল্লেখযোগ্য লাভ করা সম্ভব। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পড়তে পারে। রাজশাহীর ঐতিহ্যের সঙ্গে চিনিকলটি ওতপ্রোতভাবে জড়িত। তাই ঐতিহ্য রক্ষার পাশাপাশি মিলটিকে লাভজনক করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, মৌসুমি শ্রমিকেরা বছরের পর বছর কাজ করেও চাকরি স্থায়ী করতে পারছেন না। অবসরে যাওয়ার পরও অনেক শ্রমিক প্রাপ্য তহবিলের অর্থ, পাওনা ও চিকিৎসাসুবিধা না পেয়ে চরম সংকটে পড়ছেন। তাঁদের এসব সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ। বক্তব্য দেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা আক্তার জাহান, পরিচালক (সিডিআর) আব্দুল আলীম ও প্রধান (সিপিই) ড. জেবুন নাহার। সমাবেশে আখচাষিরা উন্নত জাতের আখবীজ ও সময়মতো সার সরবরাহ, আখের দাম বাড়ানো, মৌসুমের শুরুতে ভর্তুকি দেওয়া এবং কৃষিঋণের সুদের হার কমানোর দাবি জানান। তাঁরা বলেন, আখের সঙ্গে একই জমিতে মুলা, পেঁয়াজসহ বিভিন্ন সাথি ফসল চাষ করা যায়। চিনিকল আধুনিকায়ন করা হলে উৎপাদন বাড়ার পাশাপাশি উন্নত মানের চিনি উৎপাদন সম্ভব হবে। এতে কৃষকেরাও লাভবান হবেন।


প্রকাশিত: September 2, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ