সর্বশেষ সংবাদ :

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল পবা, মোহনপুর, দুর্গাপুর ও পুঠিয়া সেমিতে

স্পোর্টস রিপোর্টারঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পবা, মোহনপুর, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা ফুটবল দল সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামী ৩১ আগস্ট প্রথম সেমিফাইনালে পবা উপজেলা গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দলের এবং ২ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে দুর্গাপুর উপজেলা পুঠিয়া উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।
এদিকে শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুঠিয়া উপজেলা ফুটবল দল মিজানুরের দেয়া একমাত্র গোলে চারঘাট উপজেলা ফুটবল দলকে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়।
গতকালকের ম্যাচে কোনো দলই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারেনি। ম্যাচের শুরু থেকেই উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে। ম্যাচের ১৮ মিনিটে পুঠিয়া উপজেলা ফুটবল দলের মিজানুর গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। এরপর উভয় দলই একাধিক গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারায় ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে। এ অবস্থায় বিরতির বাঁশি বেজে ওঠে।
বিরতির পর চারঘাট উপজেলা ফুটবল দল যেমন গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে তেমনি পুঠিয়া উপজেলা ফুটবল দল গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে। কিন্তু কোনো দলই আর কোনো গোল করতে না পারায় ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে।চারঘাট উপজেলা ফুটবল দল একজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করেও সফল হতে পারেনি।
গতকালকের ম্যাচ পরিচালনা করেন সোহাগ আলী। তাঁকে সহযোগিতা করেন সুমন ও সোহেল। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন বুলু। আগামী ২৯ ও ৩০ আগস্ট কোনো ম্যাচ নেই বলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল পুঠিয়া- চারঘাট ম্যাচ উপভোগ করতে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন, মুরাদুজ্জামান এলানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 29, 2026 | সময়: 3:35 am | সুমন শেখ

আরও খবর