সর্বশেষ সংবাদ :

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে জয় পেল পুঠিয়া

স্পোর্টস রিপোর্টারঃ রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পুঠিয়া উপজেলা ফুটবল দল ২-১ গোলে বাঘা উপজেলা ফুটবল দলকে পরাজিত করেছে।
রোববার বিকলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। ম্যাচের ১২ মিনিটের মাথায় বাঘার গোলরক্ষকের ভুলে পুঠিয়ার রাব্বানি দলের পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। এ সময় বাঘার গোলরক্ষক গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে এসে বল ধরতে ব্যর্থ হলে পুঠিয়ার রাব্বানি সুন্দর প্লেসিং শটে বল বাঘের জালে জড়িয়ে দেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বাঘা বেশ আক্রমণাত্নক হয়ে ওঠে। এসময় বাঘার একের পর আক্রমণে পুঠিয়া অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে। তারা তাদের নাইজেরিয়ান ফুটবলারকে দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করেন। বাঘার খেলোয়াড়রা গোল পরিশোধের সুযোগও পান বেশ কয়েকবার। কিন্তু সুযোগ বারবারই হাতছাড়া হয়ে যায়। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় উল্টো আরও এক গোল খেয়ে বসে বাঘা। এসময় পুঠিয়ার শিশির গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। ম্যাচের ৯৪ মিনিটে বাঘার রুস্তম একটি গোল পরিশোধ করতে সমর্থ হন।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মোঃ মেহেদি হাসান। তাঁকে সহযোগিতা করেন মিলন ও জানে আলম। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন সিলন।
আজ বিকেল ৪ টায় গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল গোদাগাড়ী উপজেলা ফুটবল দলের মোকাবেলা করবে।


প্রকাশিত: August 24, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ

আরও খবর