, , ।
পাঁচবিবি প্রতিনিধি: অতিরিক্ত লাভের আশায় গরুকে জমির ইউরিয়া সার খাওয়ানোর পর জয়পুরহাটের পাঁচবিবিতে একটি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ২টি। এর মধ্যে ১টি জবাই করা হয়েছে এবং অপরটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে স্থানীয় ভেটেনারি চিকিৎসক। মঙ্গলবার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, রায়পুর মন্ডলপাড়ার আসমান হোসেনের ছেলে খামারি জাহিদ হোসেন গরু দ্রুত মোটাতাজা করার জন্য তার পালিত ৩টি ছোট আকারের গরুকে ইউরিয়া সার খাওয়ান। সার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১টি গরু মারা যায়। অপর ২টি গরু গুরুতর অসুস্থ হলে জবাই করে। স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক ১টি গরুকে চিকিৎসা দিয়ে সুস্থ করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মিরাজুল ইসলাম বলেন, ‘বেশি লোভ করলে যা হয় তাই হয়েছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, ‘অসুস্থ যেকোনো পশুর মাংসই মানবদেহের জন্য ক্ষতিকর। আর অসুস্থ গরু যে তারা জবাই করেছে তা ঠিক করেনি।’ তিনি আরও বলেন, মোটাতাজা করণে ইউরিয়া সার খাওয়ালে পশুর মৃত্যুঝুঁকি থাকে ও জনস্বাস্থ্যের জন্য হুমকি।