সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ৩

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা ভড়ুয়াপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল করিম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার ভড়ুয়া পাড়া এলাকায়। নিহত আব্দুল করিম ভড়ুয়াপাড়া এলাকার ফজলুল হকের ছেলে। তিনি বেলপুকুর থানার অন্তর্গত পুঠিয়া উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন রফিকুল ইসলাম এবং অপর পক্ষের জিল্লুর রহমান ও শাহবুর। জিল্লুর রহমান ও শাহবুর উভয়ের পিতার নাম জয়নুদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল করিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও তিনজন আহত হন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।


প্রকাশিত: August 12, 2026 | সময়: 3:00 am | সুমন শেখ