সর্বশেষ সংবাদ :

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দেশ এমপি অধ্যাপক মুজিবুর রহমানের

স্টাফ রিপোর্টার গোদাগাড়ী :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জাতীয় সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি হাসপাতাল পরিদর্শনে গেলে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা।

 

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখে রোগীদের সাথে কথা বলেন তিনি এসময় তিনি জরুরী বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ, প্যাথলজি বিভাগ রান্নাঘরসহ পুরো হাসপাতালে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এবং হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন। এম্বুলেন্সের লক বই, জরুরী বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের রোগী ভর্তির রেজিষ্টার ও বিভিন্ন জমা ভাউচারের রশিদ মিলিয়ে দেখেন।

এসময় সিভিল সার্জন ডাঃ এস আই এম রাজিউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “হাসপাতালে সবার আগে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এছাড়াও হাসপাতালের পরিবেশ উন্নত ও সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাসপাতালের সমস্যাগুলোর একটা তালিকা দেন। সমস্যা সমাধানে আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবো। পরিদর্শন শেষে এমপি অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত এমন পরিদর্শন করা হবে।

সাইফুল ইসলাম /শামি


প্রকাশিত: March 9, 2026 | সময়: 10:12 pm | Daily Sunshine