, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে অটো রিক্সা, ট্রাই সাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে অতিদরিদ্র ১১ জনার হাতে প্রধানমন্ত্রীর বিশেষ এই উপহার তুলে দেয়া হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন (এমপি) প্রধানমন্ত্রীর পক্ষে উপহার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
এর আগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে থেকে তাদের স্বাবলম্বী করে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা নতুন উদ্যমে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন এবং তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে একটি সমৃদ্ধ, স্বাবলম্বী ও উন্নত উপজেলা গড়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শামসুজ্জোহা শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিনসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও উপজেলা বিভিন্ন দফতরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।