সর্বশেষ সংবাদ :

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী (ঈশা)।
সোমবার ভিন্ন অভিনন্দন বার্তায় তারা এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক বলেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সাফল্য জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবক-শিক্ষকদের অক্লান্ত সহযোগিতার ফলেই আজকের এই অর্জন। আমি আশা করি, এই সাফল্যকে নিয়ে তোমরা আগামী দিনের উচ্চ শিক্ষা অর্জনের পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। জ্ঞান, সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং ভবিষ্যতে কর্মজীবনে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদেরও হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। পরিশেষে সকল শিক্ষার্থীর সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
শুভেচ্ছা বার্তায় জেলা পরিষদের প্রশাসক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রশাসক বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। একইসঙ্গে তোমাদের অভিভাবক ও শিক্ষকদের নিরলস সহযোগিতা ও ত্যাগেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি বলেন, “এই সাফল্যকে কাজে লাগিয়ে তোমরা উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। জ্ঞান, মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতার নির্ধারক নয়। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে গেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব। তাই হতাশা ঝেড়ে নতুন উদ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।” রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।


প্রকাশিত: August 11, 2026 | সময়: 4:27 am | সুমন শেখ