, , ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ৫ আগস্ট বিকেলে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের চৌধুরী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে গ্রামবাসী পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে লাল রঙের ডোরাকাটা চেক শার্ট ও কালো রঙের লুঙ্গি ছিল। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা লাশটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে রেখে যেতে পারে।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।