সর্বশেষ সংবাদ :

কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন চ্যাড লে ক্লোস

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার তারকা সাঁতারু চ্যাড লে ক্লোস কমনওয়েলথ গেমসের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। গ্লাসগো ২০২৬ আসরে পুরুষদের ৪দ্ধ১০০ মিটার মেডলি রিলেতে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের ২১তম কমনওয়েলথ পদক জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে গেমসের ইতিহাসে সর্বাধিক পদকজয়ী অ্যাথলেটের আসনে এককভাবে জায়গা করে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই সাঁতারু।
২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছেন লে ক্লোস। ২০১৪ সালে গ্লাসগো গেমসে এক আসরে সাতটি পদক জিতে আলোচনায় আসেন তিনি। এরপর গোল্ড কোস্ট, বার্মিংহাম এবং এবার গ্লাসগো—পাঁচটি আসর মিলিয়ে গড়ে তুলেছেন অনন্য এই কীর্তি। লন্ডন অলিম্পিকে কিংবদন্তি মাইকেল ফেলপসকে হারিয়ে ২০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই সাঁতারু এবার কমনওয়েলথ গেমসেও নিজের নাম ইতিহাসের পাতায় আরও উজ্জ্বল করে লিখলেন।
লে ক্লোসের এই অর্জনের দিনে সাঁতারে নিজেদের আধিপত্য আরও জোরালো করেছে অস্ট্রেলিয়া। শেষ দিনে একাধিক স্বর্ণপদক জিতে তারা সাঁতার ইভেন্ট শেষ করেছে রেকর্ডসংখ্যক ৭৬টি পদক নিয়ে। তবে দিন শেষে সব আলো কেড়ে নেন দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ সাঁতারু। দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের সঙ্গে এবার কমনওয়েলথ গেমসের সর্বকালের সর্বোচ্চ পদকজয়ীর স্বীকৃতিও যোগ হলো তার নামের পাশে।


প্রকাশিত: July 31, 2026 | সময়: 4:08 am | সুমন শেখ