সর্বশেষ সংবাদ :

ওরা আমাদের হিংসা করে’: মেসিদের নিয়ে সমালোচনার জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর বিদেশি গণমাধ্যম ও ফুটবলপ্রেমীদের একাংশের কাছ থেকে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি ধেয়ে আসা সমালোচনার কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা আর্জেন্টিনা ও জাতীয় দলের বিরুদ্ধে সমালোচনা করছে, তারা আসলে ‘হিংসুক’।
কয়েক দিন আগে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে মিলেই লেখেন, ‘আপনার কি কোনো শত্রু আছে? তার মানে আপনি কখনো কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই। ’ অন্য এক বার্তায় তিনি আরও লেখেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে সমস্যা হলো আমরা সহজেই নজর কাড়ি, আমরা কখনো অলক্ষিত থাকি না। মানুষ আমাদের হিংসা করে, কারণ আমরা প্রায় সব কিছুতেই ভালো।
’গত বৃহস্পতিবারও একই ধরনের পোস্ট শেয়ার করা বজায় রাখেন মিলেই। সেখানে তিনি দাবি করেন, ‘এখন বিশ্ব দেখবে পূর্ণাঙ্গ আর্জেন্টাইনদের একটি দেশ কী অর্জন করতে পারে।’ এছাড়া এআই দিয়ে তৈরি নিজের একটি ছবিও প্রকাশ করেন তিনি, যেখানে দেখা যায় নিজের শার্ট খুলে ভেতরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি উন্মোচন করছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আর্জেন্টিনা দীর্ঘজীবী হোক, ধিক্কার!’
২০২৬ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের পরই প্রেসিডেন্ট মিলেই ও তার মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে মতামত ব্যক্ত করেছিলেন। এমনকি বিশ্বকাপ শেষে খেলোয়াড়েরা যেন সমর্থকদের অভিবাদন জানাতে পারেন, সে জন্য প্রেসিডেন্সিয়াল প্যালেস ‘কাসা রোসাদা’ ছেড়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।
‘লা লিবার্তাদ আভানসা’ দলের এই শীর্ষ নেতার বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আমেরিকান দেশটিকে নিয়ে নানা বিষয়ে সমালোচনার ঝড় বইছিল। যার মধ্যে বিশ্বকাপে রেফারিদের কাছ থেকে তথাকথিত বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ থেকে শুরু করে আর্জেন্টিনা একটি ‘বর্ণবাদী দেশ’, এমন নানা দাবিও তোলা হচ্ছিল।
বিতর্ক এতটাই চরম আকার ধারণ করে যে, বিশ্বকাপ ফাইনালের পর স্প্যানিশ গায়িকা রোসালিয়া আর্জেন্টিনাকে নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট শেয়ার করেন। যদিও পরবর্তীতে তিনি এর জন্য ক্ষমা চান, কিন্তু ততক্ষণে বিতর্কিত এই বার্তার কারণে আর্জেন্টিনার কর্দোবা শহরে আয়োজিত হতে যাওয়া তার একটি কনসার্ট বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি ‘প্রচুর ক্ষোভ ও ঘৃণাপূর্ণ বার্তা’ পান বলে জানা যায়।
বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রতি বিশ্বজুড়ে তৈরি হওয়া এই নেতিবাচক মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেসিডেন্টের মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ার জানান, এটি ‘সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনা যা ব্যাপক প্রভাব ফেলেছে।’
ই এল ক্রোনিয়ার অডিওভিজ্যুয়াল চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন আপনারা দেখতে পাবেন আর্জেন্টিনার মানুষ দেশের জন্য কী করতে সক্ষম। কারণ একটি কার্যকর অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আমরা আসলেই এক অনন্য উদাহরণ হয়ে উঠছি যা পরিস্থিতির উন্নতি ঘটাচ্ছে।’


প্রকাশিত: July 26, 2026 | সময়: 5:13 am | সুমন শেখ