জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন: প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিল রাণীনগরের শিক্ষার্থী রাফি

রাণীনগর প্রতিনিধি: জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আব্দুর রাফি আহমাদ। বিভাগীয় পর্যায়ে কুইজ (সাধারণ জ্ঞান) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার পর এবার জাতীয় মঞ্চেও নিজের মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই ক্ষুদে জিনিয়াস।
বুধবার ১৫ জুলাই ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে তার হাতে এই গৌরবময় পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
ক্ষুদে এই শিক্ষার্থী আব্দুর রাফি আহমাদের বাড়ি রাণীনগর উপজেলার কালীগ্রাম দপ্তরিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আবু রায়হানের ছেলে। সে কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
তার এই অসামান্য অর্জনে রাণীনগর উপজেলাজুড়ে বইছে গৌরবময় উচ্ছ্বাস। তার এই গৌরবময় সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাণীনগর উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিস, স্থানীয় সুধীজন ও শিক্ষকমন্ডলী।
এর আগে রাফি জেলা পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় (সাধারণ জ্ঞান) বিষয়ে প্রথম স্থান অর্জন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল। জেলা ও বিভাগের গন্ডি পেড়িয়ে জাতীয় পর্যায়ে তার এই সাফল্য বিদ্যালয় ও এলাকাবাসিকে গর্বিত করেছে।
রাণীনগর উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহেদুল ইসলাম মিলন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থী রাফি আমাদের বিদ্যালয়ের ও এলাকার গর্ব। মেধাবী এই শিক্ষার্থীর পথচলা আগামীতে আরও দীর্ঘ ও সাফল্যমন্ডিত হোক এমনটাই প্রত্যাশা সবার।


প্রকাশিত: July 17, 2026 | সময়: 4:43 am | সুমন শেখ

আরও খবর