সর্বশেষ সংবাদ :

র‌্যাবের অভিযানে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত নাজমুল হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫ সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প মসজিদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে কাটাখালী থানায় মামলা রয়েছে। তিনি রাজশাহী মহানগরীর সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। পরে গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: July 16, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ