, , ।
স্টাফ রিপোর্টার: ব্যস্ত রাস্তা। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অবিভাবকসহ সাধারণ পথচারীদের ব্যস্ত চলাফেরা। এমন রাস্তার দুই পাশ দখল করে বাজার বসেছে। কেউ সবজি, কেউ মাছ, কেউ ডাব ও ফলের দোকান। কারো দোকান, ফুটপাতে দাঁড়িয়ে থাকা ভ্যানে, আবার কারো দোকান ফুটপাতের উপরেই। উপরের বর্ননা করা রাস্তাটি রাজশাহী মহানগরীর উপশহর নিউমার্কেট থেকে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের মোড় পর্যন্ত।
দেখে মনে হবে এটা সবজি বাজার। কিন্তু না, এটা রাস্তা। এই রাস্তায় রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজ, শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, ম্যাথ সাইনেট, ওয়াসা ভবন অফিসসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে। ব্যস্ত এ রাস্তাটির ফুটপাত দখল করে গড়ে উঠেছে বাজার।
স্থানীয়দের অভিযোগ, আগে কয়েকটি দোকান বসতো। কিন্তু এখন রাস্তার ফুটপাত পুরোটাই দখল হয়ে গেছে। সকাল হতেই রাস্তার দুই পাশে ভ্যান নিয়ে তরিতরকারি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করে ব্যবসায়ীরা। এতে করে স্কুলের ছাত্র-ছাত্রী এলাকাবাসীসহ সাধারণ পথচারীরা যানজটে পড়ে তাদের সময় নষ্ট হচ্ছে বলে তাদের দাবি।
আমজাদ হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় কয়েকজন লোক এ ফুটপাত নিয়ন্ত্রণ করে। ভ্যান প্রতি প্রতিদিন তারা ৫০ থেকে ১০০ টাকা করে নেয় ব্যবসায়ীদের কাছ থেকে। তাদের সাথে চুক্তি হলেই ফুটপাতে বসায় জায়গা করে দেয়।
জমশেদ আলী নামে আরো এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, উপশহর নিউমার্কেটেই অনেক বড় কাঁচা বাজারের দোকান আছে। শুধু তাই না। ফল থেকে শুরু করে কিছু নাই যে ওই মার্কেটে পাওয়া যায় না। এরপরেও ফুটপাত দখল করে প্রতিদিনই বসছে বাজার। এতে একদিকে নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দিয়ে ব্যবসা করা ব্যবসায়ীরা লোকসানে পড়ছে। অন্যদিকে সাধারণ মানুষও চরম হয়রানীতে পড়ছেন।
শাহীন খান। তার সন্তান সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে। তিনি অভিযোগ করেন, শিশুদের ছুটির পরে এ রাস্তা দিয়ে যাওয়া কষ্টের হয়ে যায়। শিশুদের অনেকেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয় প্রায়। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে। এরমধ্যেই যদি পুরো ফুটপাত দখল করে বাজার বসে তাহলে সমস্যার শেষ থাকে না।
তিনি আরো অভিযোগ করেন, শিশুদের ছুটির সময় অবিভাবকরা দাঁড়াতে পারেন না। চারিদিকে ভ্যানে ও ফুটপাতে দোকান। এসব কারণে নানান সমস্যায় পড়তে হয় শিক্ষার্থী ও অবিভাবকদের।
স্থানীয়রা জানান, ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে চলাচল করতেও চরম অসুবিধায় পড়তে হয়। একটি অভিজাত আবাসিক এলাকার শৃঙ্খলা নষ্ট হচ্ছে চরমভাবে।
রাস্তাটির ফুটপাত দখল মুক্ত করতে উপশহর নিউমার্কেটের স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা থেকে শুরু করে প্রতিদিন চলাচল করা ব্যক্তিরা রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।