সর্বশেষ সংবাদ :

রাজশাহী মহানগর যুবদলে বড় রদবদল: ৬ নেতা অব্যাহতি, নতুন ৮ যুগ্ম আহ্বায়ক

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শাখায় বড় ধরনের সাংগঠনিক রদবদল করা হয়েছে। মূল দল বিএনপিতে নতুন পদ পাওয়ায় রাজশাহী মহানগর যুবদলের ৬ জন যুগ্ম আহ্বায়ককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য পদগুলো পূরণ ও সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নতুন করে ৮ জন নেতাকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

 

 

 

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

গত ১৫ জুলাই যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল দল বিএনপিতে পদায়িত হওয়ায় রাজশাহী মহানগর যুবদলের স্বীয় পদ থেকে অব্যাহতি পাওয়া ৬ নেতা হলেন, মো. রুহুল আমিন বাবলু, মো. নাসিম খাঁন, ফাইজুল হক ফাহি, আলমগীর হোসেন, আল মামুন বাবু ও মো. জামিলুর রহমান।

অন্যদিকে, মহানগর যুবদলের সদস্য পদ থেকে পদোন্নতি দিয়ে নতুন যে ৮ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন— মো. আক্তারুল হাসান অপু, মাসুদুল হক মৃধা মোমিন, শ্যামল শেখ, ইঞ্জি. আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, শাহিন আক্তার সান্টু ও নাফিজ ইমতিয়াজ ড্যানী।

দলীয় সূত্রে জানা গেছে, ‘এক নেতার এক পদ’ নীতি অনুসরণ এবং মূল দলে পদ পাওয়া নেতাদের সাংগঠনিক চাপ মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত এই নেতৃত্ব দ্রুতই রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্রীয় কমিটি।

সানশাইন?/শামি


প্রকাশিত: July 18, 2026 | সময়: 9:07 pm | Daily Sunshine