সর্বশেষ সংবাদ :

ট্রফি জিততে ভাগ্যের সহায়তা লাগে: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: কদিন বাদেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ দল। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি শরিফুল ইসলাম-তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে কিছুটা অস্বস্তি আছে ড্রেসিংরুমে। এই অবস্থায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ কেমন করে সেটি দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। যদিও বিশ্বকাপ নিয়ে বিসিবির নিয়মিত আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে মাহমুদউল্লাহ জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের দারুণ সুযোগ দেখেন তিনি।
এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট বলা যায় না, যেকোনও কিছু হতে পারে। আমাদের যেমন প্রস্তুতি দেখা যাক-সব কিছু নির্ভর করছি কীভাবে আমরা শুরু করছি। শুরুটা ভালো হলে অনেক দূর যাব।’ ট্রফি জিততে ভাগ্যের সহায়তা লাগে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়সী তারকা মাহমুদউল্লাহ, ‘সুযোগ সবসময় থাকে, কখনও আমাদের চেষ্টার কমতি থাকে না। ইনশাআল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করবো। ট্রফি জিনিসটা আমার মনে হয় যে, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। ’
ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশের ভালো কাটেনি। কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে কিছুটা আগে ভাগেই যুক্তরাষ্ট্র যায় বাংলাদেশ দল। কিন্তু সেখানে স্বাগতিকদের কাছে সিরিজ খুঁইয়েছে তারা। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেনি। বিশ্বকাপে ভালো করতে দর্শকদের সমর্থন চাইলেন তিনি, ‘আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করবো আমরা।’


প্রকাশিত: June 6, 2024 | সময়: 5:38 am | সুমন শেখ