, , ।
রাবি প্রতিনিধি: আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় পর পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দল। ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ১১তম, ১২তম ও ১৩তম বিতর্কে রাবি দল চ্যাম্পিয়ন হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
এবারের চ্যাম্পিয়ন রাবি দলকে উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের এ বিজয় অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হলো বলে তিনি উল্লেখ্য করেন। আগামীতে তারা তাদের মেধা ও মননের মাধ্যমে আরো বড় অর্জনের পথে এগিয়ে যাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। রাবি দলের সদস্যরা উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলে তিনি এই মন্তব্য করেন। এসময় ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
রাবি দলে ছিলেন এম এম আশরাফুল ইসলাম সন্ধি (আইন বিভাগ), নিলয় সাহা (দর্শন বিভাগ) ও দলনেতা মো. মামুনুজ্জামান স্নিগ্ধ (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকিনোলজি বিভাগ)।
২০২৬ সালে অনুষ্ঠিত ১৩তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত চূড়ান্ত পর্ব আজ বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। এবারের বিতর্কের বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই গুরুত্বপূর্ণ’। এই বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হন মো. মামুনুজ্জামান স্নিগ্ধ।