, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বুধবার (২৮ মে) সিভিল সার্জন কার্যালয় চত্বরে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-উদ্বোধন করেন। পুষ্টি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় হতে এক র্যালি বের হয়। র্যালি শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’- এ প্রাতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। সিভিল সার্জন ডা. এস, আই, এম রাজিউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন।
সভায় জানানো হয়, পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং উপজেলা হতে হত দরিদ্র্যদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হবে। তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক বার্তা প্রচার এবং আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিষয়ক মা সমাবেশ এবং ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টি বিষয়ে প্রবীণদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সপ্তম দিন সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পুষ্টি সপ্তাহ উদ্যাপনের কর্মসূচি শেষ হবে।
সারাদেশের ন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় উদ্বোধন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহের। বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনিক সহায়তায় পুষ্টি সপ্তাহ পালনে নানা কর্মসূরি আয়োজন করেছে। প্রথমদিন র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আগামী ৩ জুন পর্যন্ত চলবে এ সপ্তা পালনের বিভিন্ন কর্মসূচি। এবারের পুষ্টি সপ্তাহের স্লোগান ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর:
মান্দা: মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেলা সাড়ে ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ক স্লোগান ও সচেতনতামূলক বার্তা প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর রহমান, এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাসনিম হোসাইন আরিফ। আয়োজকেরা জানান, পুষ্টি সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা পরামর্শ, পুষ্টি শিক্ষা, এতিমখানায় পুষ্টিমান খাবার বিতরণ, ওয়ার্কশপ ও স্থানীয় কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম।
বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সূচনা মনোহরার সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. ফাকেহা জাবীনের সঞ্চালনায় পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ডা. খন্দকার মাহাবুবা জান্নাত। এ সময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক কুইজের আয়োজন করা হয়েছে।
নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এ সময় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদেকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা।
নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উদ্বোধন উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প. প কর্মকর্তা ডা. আহমেদ রায়হান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দ.) ও সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. কাওসার আলী, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, নাচোল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, ব্র্যাক প্রতিনিধি সোহেল রানা।
গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ। উপজেলার প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ। অনুষ্ঠানে আরও ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা. শফিউল ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শীতাংশু ব্যানার্জী, গাইনী কনসালটেন্ট ডা. জান্নাতুল ফেরদৌস, সার্জারি কনসালটেন্ট ডা. শফিউল আজম।