, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, গোদাগাড়ী, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
আয়োজকেরা জানায়, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও কমিউনিটি গড়ে তোলা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। রাজশাহী, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায় এর কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাক শিল্পখাত, গণপরিবহন ও বিভিন্ন কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি ম্যাপ তৈরি, অভিভাবক সভা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাকশন প্ল্যান এবং যুব ফোরাম গঠনের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার। সভায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোতালেব হোসেন বিভিন্ন দিক তুলে ধরেন। সভা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মোতালেব হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন, ব্র্যাক সহকারি জেলা সম্বময়কারী ফারজানা বেগম, ব্র্যাক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান, সমাজ সেবা অফিসার, মহিলা বিষয়ক অফিসার, যুব উন্নয়ন অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।