সর্বশেষ সংবাদ :

উন্নয়নের পাশাপাশি মাদক দমনে কঠোর বার্তা দিলেন-এমপি আবু সাইদ চাঁদ

নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, উন্নয়নের বিভিন্ন সূচকে তাঁর নির্বাচনী এলাকা স্বয়ংসম্পূর্ণ। এ ধারাবাহিকতা বজায় রেখে চারঘাট-বাঘাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সোমবার রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উৎযাপন উপলক্ষে আয়োজিত র্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুপুর ১২ টায় বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবু সাইদ চাঁদ বলেন, চারঘাট ও বাঘা উপজেলায় অসংখ্য হাট-বাজার, নদ-নদী এবং বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। এসব খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব আসে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ চলছে। তিনি বলেন, তাঁর পরিকল্পনা অনুযায়ী নির্বাচনী এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সকল কাঁচা সড়ক পাকা করা হবে, যাতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয় এবং মানুষের যাতায়াত সহজ হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, পদ্মার দুর্গম চরাঞ্চলে একসময় সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুম-খুনের ঘটনা ঘটেছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সেখানে ইতোমধ্যে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সীমান্তবর্তী এ এলাকায় মাদক নির্মূলে পুলিশকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যে প্রধান অতিথি আবু সাইদ চাঁদ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন।

উক্ত সভায় বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি , বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ১১:১৪ পূর্বাহ্ণ | Daily Sunshine