সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
শাহালাল ইসলামঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর পক্ষকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাগুয়ান ঘুন্টি গ্রামে একটি বাল্যবিবাহের আয়োজন চলছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। অভিযানে আয়োজনের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত বর পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
একইসঙ্গে, কনের পরিবারের সদস্যদের সর্তক করে ভবিষ্যতে মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফার ইয়াসমিন। সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি এবং একটি দণ্ডনীয় অপরাধ। এটি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সানশাইন /শামি