সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে হেরোইন ও হাইড্রোজসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজ সহ আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
রোববার ৫ জুলাই রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোদাগাড়ী থানার লালবাগ হেলিপ্যাড এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের পাকা সড়কে তাকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আল-আমিন গোদাগাড়ী উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, লালবাগ হেলিপ্যাড এলাকায় একটি মাদক চক্র হেরোইন কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হলে আল-আমিন পালানোর চেষ্টা করেন। তবে র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করতে সক্ষম হন। পরে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। উদ্ধার হওয়া মাদক বিক্রির উদ্দেশ্যেই তিনি নিজের হেফাজতে রেখেছিলেন বলেও জানিয়েছেন।
র‌্যাব-৫ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক কারবার নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার আল-আমিনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


প্রকাশিত: July 6, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ